ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টালবাহানা মেনে নেবে না জনগণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬ ০৭:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


টালবাহানা মেনে নেবে না জনগণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে; তবে এ নিয়ে কোনো টালবাহানা দেশের জনগণ মেনে নেবে না।

 

বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।

 

মহান মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। কিন্তু লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫৫ বছরে আজ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করলে দেখা যায়, বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি।

২০২৪ সালের গণআন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বিরোধী দলীয় নেতা বলেন, ছাত্রজনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্তি লাভ করেছে। দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।

 

 

দেশবাসীর প্রত্যাশা— এমন পরিস্থিতিতে কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলবে, কথা বলবে। দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করবে।

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই সনদ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ ভোট দিয়ে এর পক্ষে ম্যান্ডেট দিয়েছে।

 

 

কিন্তু উদ্বেগের বিষয় হলো— এটি বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ্য করা যাচ্ছে।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। অবিলম্বে সরকারকে এটি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগকারী জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের সব শহীদ এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জামায়াত আমির।

 

 

মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী চলমান যুদ্ধ-বিগ্রহ ও ক্রান্তিকালের কথা উল্লেখ করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান বিরোধী দলীয় নেতা। একইসঙ্গে তিনি মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ-সমৃদ্ধি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হেফাজতের জন্য দোয়া প্রার্থনা করেন।

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


   আরও সংবাদ