ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি এবং রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো ৩-৪ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা ‘সৌভাগ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার (২৫ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
পরে বিকেল ৫টা ৪০ মিনিটের মধ্যে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রতিকূল আবহাওয়া ও ঝড়ো পরিস্থিতির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও শেষ পর্যন্ত বাসটি নদী থেকে তোলা সম্ভব হয়।
মর্মান্তিক এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ জনের মরদেহ শনাক্ত করে ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।