ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬ ১৭:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এ বছর দেশবাসী এক ভিন্ন বাস্তবতায় উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমানে দেশ একটি ‘ফ্যাসিস্টমুক্ত’ পরিবেশে অবস্থান করছে, যা স্বাধীনতা দিবস উদযাপনকে নতুন মাত্রা দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জিয়া উদ্যানে শহীদ জিয়ার মাজার জিয়ারত করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা আহত, পঙ্গু ও নির্যাতিত হয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
একইসঙ্গে আমরা স্মরণ করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী খালেদা জিয়াকে, যিনি যুদ্ধের সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করেছেন।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর দেশে গণতন্ত্র ধ্বংসের মুখে পড়েছিল এবং স্বাধীনতা হুমকির মধ্যে ছিল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, হাজারো নেতাকর্মী প্রাণ হারিয়েছেন এবং অনেকে গুমের শিকার হয়েছেন।
এত নির্যাতন-নিপীড়নের পরও জনগণ আন্দোলন চালিয়ে গেছে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন করে গণতান্ত্রিক পরিবেশের সূচনা হয়েছে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন নির্বাসনে থেকেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তার নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষিঋণের সুদ মওকুফসহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা দেওয়া।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে এটাই দেশের মানুষের প্রত্যাশা।
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।