ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাজেটে তরুণদের অগ্রাধিকার চেয়ে পদযাত্রা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৫ বার


বাজেটে তরুণদের অগ্রাধিকার চেয়ে পদযাত্রা

আসন্ন জাতীয় বাজেট ২০২৬-এ তরুণদের জন্য সুযোগ ও বরাদ্দ বৃদ্ধি, পেইড ইন্টার্নশিপ চালুসহ ছয় দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা ও মানববন্ধন করেছেন বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে আগারগাঁও এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় অর্ধশত তরুণ অংশ নেন।

 

এ কর্মসূচির আয়োজন করে প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী ও ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ। এতে সহযোগিতা করে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ও স্যাপি।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো– জাতীয় বাজেটে তরুণদের জন্য সুযোগ ও বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য ‘ইয়ুথ কার্ড’ চালু, পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা, কর্মজীবীদের ওপর অযৌক্তিক ভ্যাট ও কর কমানো, উন্নয়নের নামে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি বন্ধ এবং শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাজেট প্রণয়ন।

 

বক্তারা বলেন, বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। একইসঙ্গে বাজেটকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবমুখী করার আহ্বান জানান তারা।

ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী মিনা বলেন, বাজেট শুধু অর্থনৈতিক হিসাব নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি নীতিগত দলিল। কিন্তু সেখানে এখনো তরুণদের বিষয়গুলো পর্যাপ্ত গুরুত্ব পায় না।

তরুণ প্রতিনিধি এস জেড অপু বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বাজেটে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরেক প্রতিনিধি রাকিবুল ইসলাম বলেন, পেইড ইন্টার্নশিপ চালু ও ন্যায্য করব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আয়োজকরা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় বাজেটে তরুণদের এসব দাবি প্রতিফলিত হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব বাজেট প্রণয়ন করা হবে।


   আরও সংবাদ