ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ২১:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩০ বার
টানা তীব্র গরমের পর রাজধানী ঢাকায় বিকেল পৌনে পাঁচটার দিকে আকাশে ঘন কালো মেঘ জমে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়, যেন হঠাৎ নেমে এসেছে মধ্যরাত। অথচ এ সময়ে সাধারণত থাকে প্রখর রোদ।
এরপরই শুরু হয় ঝোড়ো হাওয়া, সঙ্গে তীব্র শব্দে বজ্রপাত এবং ভারী বৃষ্টি। আকস্মিক এ পরিবর্তনে নগরজীবনে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়।
বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকায় বজ্রপাতের বিকট শব্দে রোগী, স্বজন ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ বৃষ্টি দেখে অনেকেই বলছেন, আল্লাহর রহমত।

ঢামেক এলাকা থেকে প্রাপ্ত ছবি ও ভিডিওতে দেখা যায়, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় গাছের ডালপালা দুলছে, রাস্তাঘাট পানিতে ভিজে একাকার হয়ে গেছে। অনেকে হঠাৎ বৃষ্টিতে পড়ে আশ্রয়ের জন্য ছুটোছুটি করেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ ধরনের বৃষ্টিতে যা তাপমাত্রা কিছুটা কমাতে ভূমিকা রাখবে। তবে বজ্রপাতের সময় খোলা স্থানে না থাকার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত থাকা আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, এমনিতেই এখন গরমকাল সন্ধ্যা হয় ৭টায়। বিকেল পাঁচটায় তীব্র রৌদ থাকে গরমের কারণে চলাফেরা করা যায় না। অথচ আকাশ এমন কালো হয়ে হয়েছে দেখে মনে হয় মধ্যরাত।