ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ জুন, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা ছিল।
তাই জাতির বৃহত্তর স্বার্থে আমরা ফলাফল মেনে নিয়েছি। আর যেসব দেশে একবার গৃহযুদ্ধ শুরু হয়েছে, সেটা থেকে তারা আর বের হতে পারেনি।
রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাড়ে ১৭ বছর পর জাতি একটা অর্থবহ নির্বাচন জাতি আশা করেছিলো।
কেননা, আমরা সাড়ে ১৭ বছর একটা কঠিন অবস্থা অতিক্রম করেছি।
নিজের ব্যক্তিগত মতামত দিয়ে তিনি বলেন, নির্বাচন সুন্দর হলেও ফলাফল সুন্দর হয়নি।
ফলাফলে অনেক কারসাজি করা হয়েছে। অনেকে এটা স্বীকার করছেন। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।
সংসদে নিজেদের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় এই নেতা বলেন, সংসদে বিরোধী দল চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করবে না, মধ্যপন্থা অবলম্বন করবে৷ সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না। আজকেও একজন দাঁড়ালেন, আল্লাহর বিধার পর্দার বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করলেন।
সরকারি দল জাতির সাথে দেওয়া ওয়াদার বরখেলাপ করেছে দাবি করে জামায়াত আমীর বলেন, জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভাল থাকবে। নির্বাচন ভালো হলেই শাসক ভাল হবে এর প্রমাণ নেই।
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বাজেটে অনেককিছু ওয়েভার এসেছে। কনটেন্ট ক্রিয়েটর ও মোটরসাইকেলের ওপর সরকার কর বসাবে কি না সেটা জানতে চান তিনি। দুর্নীতি বন্ধ আর দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে কি না এই দুটি বিষয়ের স্পষ্ট উল্লেখ নাই বাজেটে৷ এদেশে এক কোটি মানুষ ট্যাক্স দেওয়ার মত আছেন, তাহলে শুধু ৩৪ লাখ কেন?
গাইবান্ধায় রামমন্দির নির্মাণ কাজ স্থগিত করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উসকানির সৃষ্টি হয় এমন কোন কাজ আমরা মেনে নেবো না। সেটা যদি মুসলমানরা করে, তাও মেনে নেবো না। অন্য ধর্মের কেউ করলেও মেনে নেবো না। এ দেশ আমাদের সবার। যেটা করলে শান্তি শৃঙ্খলা রক্ষা হয় সেটা করতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
পুলিশের প্রাক্তন আইজিপি বেনজীর আহমেদকে আরব আমিরাতে গ্রেপ্তারের বিষয়ে ডা. শফিক বলেন, বেনজীরকে আটক করা দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব৷ তার বিরুদ্ধে রেড এলার্টও বর্তমান সরকার জারি করে নাই। অবশ্য বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন। কিন্তু তিনি দুবাইর কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
সীমান্তে অব্যাহত উত্তেজনা চলছে জানিয়ে জামায়াত আমির বলেন, ওপার থেকে উস্কানি দেওয়া হচ্ছে। আমরা দুই দুইবার স্বাধীন হলাম, কিন্তু প্রকৃত স্বাধীনতা পেলাম কী? জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বে আমরা কোনো আপোষ করব না।