ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ জুন, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


 ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করবে যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেই সমঝোতা অনুযায়ী, আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের ১২ বিলিয়ন ডলারের আটকে থাকা সম্পদ ছাড় করবে বলে সোমবার (১৫ জুন) ইরানের মেহর নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়েছে।

 

নিউজ এজেন্সিটির প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে, সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পর ৬০ দিনের আলোচনা চলাকালীন মোট ২৪ বিলিয়ন ডলারের আটকে থাকা ইরানি সম্পদ ছাড় করা হবে।

নিউজ এজেন্সিটি আরও জানিয়েছে, এ তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

তবে তাদের প্রকাশিত নথিতে নির্দিষ্ট করে বলা হয়েছে, ‘এই পরিমাণের অর্ধেক অর্থ আলোচনার শুরুতে ইরানের জন্য সহজলভ্য করতে হবে।’

 

এর আগে ইরানের কয়েক বিলিয়ন ডলার ছাড় করতে সংযুক্ত আরব আমিরাত সম্মত হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

 

দুটি আঞ্চলিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত মোট ১০ বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয়েছে, যার মধ্যে ৩ বিলিয়ন ডলারেরও বেশি ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

এই ব্যবস্থার সঙ্গে পরিচিত অন্য দুটি সূত্র জানিয়েছে, মোট তহবিলের পরিমাণ ২০ বিলিয়ন ডলার।

 

তারা আরও জানায়, আমিরাতের ওপর ইরানের হামলা বন্ধের বিনিময়ে এ চুক্তি হয়েছে।

এই ব্যবস্থার সঙ্গে পরিচিত সূত্রগুলোর মধ্যে একটি জানায়, ৩ বিলিয়ন ডলারের প্রথম কিস্তি ইতোমধ্যে দেওয়া হয়েছে।

এই অর্থ সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব নাকি আমিরাতের ব্যাংকিং সিস্টেমে বা অন্য কোথাও দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানের অর্থ, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি।


   আরও সংবাদ