ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্থানীয় সরকার নির্বাচন কবে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ জুন, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


স্থানীয় সরকার নির্বাচন কবে

স্থানীয় সরকার নির্বাচনগুলো কবে হবে, সেই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট, সম্পূরক মঞ্জুরি দাবির ওপর দেওয়া ছাঁটাই প্রস্তাবের বক্তব্যে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, ওনার কাছে আমার প্রশ্ন যে, আমাদের স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল–ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ–এই নির্বাচনগুলো কবে হবে?

এসময় স্পিকার বলেন, এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। রুমিন ফারহানা বলেন, ওনাকে পেয়েছি, ওনাকে তো আর পাব না! প্রশ্নোত্তর পর্বে তো সুযোগ পাই না, প্রশ্ন জমা দিই প্রশ্ন আসে না।

সম্পূরকে হাত তুলি, সেই সুযোগও পাই না। এখনই বলি।

আবার কখন সুযোগ পাই, বলা তো যায় না।

 

রুমিন ফারহানা বলেন, আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপর যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো… এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, এরপরও কিন্তু আমরা এ ব্যাপারে কিছু জানতে পারিনি।

তিনি বলেন, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন, তাদের হাতে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণেই মন্ত্রীকে আজ আমি পেলাম, তাই আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে। কেউ বলছেন পারবে, কেউ বলছেন পারবে না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না, বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, তাদের জন্যও বুঝতে সুবিধা হতো।

এরপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর মধ্যে আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি, সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করব।


   আরও সংবাদ