ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৬ ১৩:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। একদিনেই ব্যারেলপ্রতি চার ডলারের বেশি কমেছে দুই ধরনের বেঞ্চমার্ক তেলের দাম।
ট্রাম্প এর আগে ঘোষণা দেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি তেহরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল।
তবে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। কারণ সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
তার দাবি অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে।
ট্রাম্প আরও বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলা বাতিল করতে সম্মত হয়েছেন।
তবে এর জন্য দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।
ট্রাম্পের এ ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে দাঁড়ায়।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করলে এবং তেহরানের বাহিনী ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালানোর পর দুই ধরনের তেলের দামই ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।
সূত্র: রয়টার্স