ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পলাতক আসামিকে দিয়ে রাজনীতি করানো সার্বভৌমত্বের প্রতি অপমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ অগাস্ট, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭৬ বার


পলাতক আসামিকে দিয়ে রাজনীতি করানো সার্বভৌমত্বের প্রতি অপমান

ঢাকা: ভারতে পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

 

রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি।

 

 

বরং তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

ড্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, স্বৈরাচারী সরকারের আমলেও সংগঠনটি সেবামূলক কর্মকাণ্ড থেকে পিছিয়ে যায়নি।

 

 

এ কারণে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। চিকিৎসকদের বরখাস্ত করা, পদোন্নতি আটকে দেওয়া এবং দুর্গম এলাকায় বদলির মতো ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

 

রিজভী আরও বলেন, করোনা, ডেঙ্গু ও হামের মতো বিভিন্ন প্রাকৃতিক ও জাতীয় দুর্যোগে ড্যাব বিনামূল্যে চিকিৎসাসেবা, লিফলেট ও প্রেসক্রিপশন বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এমনকি একটি ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি।

 

আরও পড়ুন

সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

 

 

ভারতের ভূমিকার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে দেড় হাজারের বেশি তরুণ শিক্ষার্থী প্রাণ দিয়েছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়ে সরকারের পতনের দিন দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটি শহীদদের প্রতি অবমাননা।

 

দেশের বর্তমান স্বাস্থ্যখাত ও উন্নয়ন প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা এবং হাম প্রতিরোধে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।


   আরও সংবাদ