ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৩ বার


লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ৭০তম আসর এবার প্যারিসের বদলে বসতে যাচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আগামী ২৬ অক্টোবর জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে সেরাদের হাতে তুলে দেওয়া হবে এই সোনালি ট্রফি।

তবে মূল অনুষ্ঠানের আগে আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে মনোনীতদের বহুল প্রতীক্ষিত সংক্ষিপ্ত তালিকা।

 

২০১৯ সাল থেকে প্যারিসের থিয়েটার ডু শাতেলে-তে এই তারকামেলা আয়োজিত হয়ে এলেও এবার তা স্থানান্তরিত হয়েছে লন্ডনে।

এর পেছনে রয়েছে এক বিশেষ ঐতিহাসিক কারণ। ব্যালন ডি’অর ইতিহাসের প্রথম বিজয়ী ইংলিশ কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই আয়োজকদের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত।

‘উইজার্ড অব ড্রিবল’ খ্যাত ম্যাথিউস তার প্রথম গোল্ডেন বলটি গ্রহণ করেছিলেন ব্ল্যাকপুল টাউন হলের একটি সাদামাটা কক্ষে, যেখানে শহরের মেয়রের দেওয়া একটি চায়না প্লেট দিয়ে সেই দিনটি উদযাপন করা হয়েছিল। সেদিনের সেই অনাড়ম্বর আয়োজনের তুলনায় এবারের লন্ডনের অনুষ্ঠানটি হতে যাচ্ছে রীতিমতো চোখ ধাঁধানো ও জাঁকজমকপূর্ণ।

 

আগামী ৮ সেপ্টেম্বর ‘Ballondor.com’ ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বিভিন্ন ক্যাটাগরির মনোনীতদের নাম। এবারের আসরে পুরুষ বিভাগে ৭০তম এবং নারী বিভাগে অষ্টম বিজয়ী নির্বাচন করা হবে। বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার ছাড়াও সেরা তরুণ খেলোয়াড়, সেরা গোলরক্ষক, বর্ষসেরা কোচ এবং সেরা ক্লাবকেও এই রাতে বিশেষভাবে সম্মানিত করা হবে।

সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর শুরু হবে মূল ভোটযুদ্ধ। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের (পুরুষ) এবং শীর্ষ ৫০টি দেশের (নারী) ফুটবল সাংবাদিকদের নিয়ে গঠিত একটি বৈশ্বিক জুরি বোর্ড এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেবেন। প্রতিটি দেশ থেকে কেবল একজন করে সাংবাদিক ভোট দেওয়ার সুযোগ পাবেন। সাংবাদিকরা মূলত তিনটি মানদণ্ডের ওপর ভিত্তি করে খেলোয়াড়দের মূল্যায়ন করবেন। এর মধ্যে রয়েছে খেলোয়াড়ের ব্যক্তিগত পারফরম্যান্স ও মাঠে তার প্রভাব, দলীয় অর্জন ও শিরোপা জয় এবং সবশেষে ফেয়ার প্লে বা মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়সুলভ আচরণ।

এই মানদণ্ডগুলো বিচার করে প্রত্যেক ভোটার মনোনীতদের তালিকা থেকে তাদের পছন্দের শীর্ষ ১০ জনকে ক্রমানুসারে সাজাবেন। প্রথম স্থানে থাকা খেলোয়াড় পাবেন সর্বোচ্চ ১৫ পয়েন্ট এবং দশম স্থানে থাকা খেলোয়াড় পাবেন ১ পয়েন্ট। সব ভোট গণনা শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী তারকাই ২৬ অক্টোবরের রাতে লন্ডনের মঞ্চে উঁচিয়ে ধরবেন স্বপ্নের ব্যালন ডি’অর।


   আরও সংবাদ