ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৩ জুন, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

সারাবিশ্বের মতো বরিশালেও চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। ফুটবলপ্রেমীরা নিজ নিজ এলাকা সাজিয়েছেন পছন্দের দলের পতাকায়।

এটুকুতেই থেমে নেই ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের। পছন্দের দলের পক্ষে গায়ে জার্সি আর হাতে পতাকা নিয়ে বরিশালের রাস্তায় নেমে এসেছেন তারা।

 

পাশাপাশি শিশু, যুবক, বয়স্ক থেকে শুরু করে সব বয়সের মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পড়ে পাল্টাপাল্টি শোভাযাত্রা করেছেন।

শুক্রবার (১২ জুন) বিকেল ৪ টা থেকে নগরীর বেলস পার্ক মাঠে একই স্থান থেকে পাল্টাপাল্টি শোভাযাত্রা বের করেন উভয়দলের সমর্থকেরা।

 

প্রিয় দলের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি বক্তব্য আর উত্তেজনায় উৎসব মুখর হয়ে উঠে গোটা বেলস পার্ক এলাকা। পরে দুই দল পৃথকভাবে নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেন।

এসময় এবারের বিশ্বকপের থিম সং, ভুভুজেলা আর মোটরসাইকেলের হর্ন বাজিয়ে বিশ্বকাপে প্রিয় দলকে স্বাগত জানিয়ে স্লোগান দেন সমর্থকরা।

 

এর আগে বিকেল ৪টার দিকে নগরীর বেলস্ পার্ক মাঠে শোভাযাত্রা আয়োজন করেন আর্জেন্টিনার সমর্থকরা। তারা তাদের দলের জার্সি গায়ে জড়িয়ে বর্ণিল সাজে সেজে অংশ নেন শোভাযাত্রায়। এবারও পছন্দের দল আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেই ঘরে ফিরবে বলে প্রত্যাশা সমর্থকদের। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা।

অন্যদিকে একই স্থান বেলস পার্ক থেকে বিকেল ৫টায় শোভাযাত্রা বের করে ব্রাজিল সমর্থকরা। গায়ে হলুদ জার্সি জড়িয়ে রংবেরঙে সাজে শোভাযাত্রায় অংশ নেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ। অন্য কোন দল নয় আর্জেন্টিনাকেই ফাইনালে হারাতে চান সমর্থকরা। ব্রাজিল শক্ত দল সাজিয়েছে জানিয়ে এবারের বিশ্বকাপ ব্রাজিলের ঘরেই উঠবে বলে প্রত্যাশা সমর্থকদের।

পরে গানের তালে তালে নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেলস পার্কে গিয়ে শেষ হয়।


   আরও সংবাদ