ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে সরফত আলী (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তিনি নিজেও বিষপান করেছেন।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। নিহত তিন শিশু হলো, মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) ও শামীম মিয়া (২)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে এ ঘটনার সূত্রপাত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় সরফত আলী তার তিন সন্তানকে বিষ পান করান। এরপর তিনি নিজেও বিষ পান করেন।
সকালে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সহায়তায় তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। অন্যদিকে সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত জানান, খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুর লাশ দেখতে পান। গুরুতর আহত সরফত আলীকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।