ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন্মলগ্ন থেকেই সাংবাদিকবান্ধব রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম ।
তিনি বলেন, বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের অবাধ বিকাশে বিশ্বাস করে।
তবে সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় সংবাদপত্রের ওপর থাকা নানা বিধিনিষেধ প্রত্যাহার করে গণমাধ্যমের স্বাধীন পরিবেশ নিশ্চিত করেছিলেন।
বিএনপি সেই ধারাবাহিকতায় সবসময় মুক্ত গণমাধ্যমের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে।
আন্দোলনের সময় দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকরা নানা ধরনের চাপ, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেক সাংবাদিক এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, কেউ কেউ দেশ ত্যাগ করেছেন, আবার অনেকে আহত কিংবা নিহত হয়েছেন।
সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, গত ১৭-১৮ বছরে প্রতিকূল পরিবেশের মধ্যেও সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। তাদের সেই ভূমিকার কারণেই দেশের মানুষ বিভিন্ন অন্যায়, নির্যাতন ও বৈষম্যের চিত্র জানতে পেরেছে। এজন্য আমি সাংবাদিক সমাজকে অভিনন্দন জানাই।
গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সাংবাদিকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র পেশা। সাংবাদিকরা যেমন সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেন, তেমনি তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করলে বিভ্রান্তিরও সৃষ্টি হতে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অনেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত।
এর আগে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন শামা ওবায়েদ ইসলাম। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আতাউর রহমান, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফসহ রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।