ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রাফিনিয়া।
চার দিনের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করে সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় এনে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই জয়ে লা লিগায় টানা সপ্তম জয় পেল হান্সি ফ্লিকের দল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সেভিয়ার মাঠে শুরুটা অবশ্য বার্সেলোনার পক্ষে ছিল না। ১৯ মিনিটে ফরাসি মিডফিল্ডার ইউসুফ ফোফানার গোলে পিছিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে তিন মিনিট পরই দলকে সমতায় ফেরান রাফিনিয়া।
আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান বার্সেলোনা অধিনায়ক।
এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় বার্সেলোনা। ৫২ মিনিটে লামিন ইয়ামালের দারুণ ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ৬৮ মিনিটে ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
চার দিন আগে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের জয়ে তিনবার জাল খুঁজেছিলেন রাফিনিয়া। এবারও তিন গোল করে টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তিনি।
এই মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়ার সাত ম্যাচে গোল হলো ১২টি। সঙ্গে আছে তিনটি অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে তার গোলসংখ্যা ১৪।
রাফিনিয়ার তিন গোলের সঙ্গে জয়ের পেছনে বড় অবদান ছিল ইয়ামালেরও। নিজে গোল না পেলেও বার্সার শেষ দুই গোলেই সহায়তা করেছেন এই তরুণ ফরোয়ার্ড।
এই জয়ে লা লিগার প্রথম সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ এবং একই পয়েন্ট নিয়ে তৃতীয় রিয়াল বেতিস।