আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) আফগান কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রায় তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এ হামলায় দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমা হামলায় একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে আন্তসীমান্ত হামলা চালাচ্ছে।
তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।
সূত্র: রয়টার্স