স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার এক গৌরবময় অধ্যায়ের স্মারক এই দিনটি। ২৫ মার্চের ভয়াল কালরাতের পর ধ্বংসস্তূপের মাঝ থেকেই নতুন করে জেগে ওঠে জাতি, শুরু হয় মুক্তির লড়াই।
সেই প্রেরণাতেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা, উড়তে থাকে লাল-সবুজের পতাকা।
স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের। সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকারাও দিনটি উপলক্ষে জানিয়েছেন শুভেচ্ছা। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা বীরদের স্মরণ করে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন।
তার ভেরিফাইড ফেসবুক পোস্টে সাকিব একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দিবসটির তাৎপর্য উল্লেখ করা হয়। পাশাপাশি সবাইকে স্বাধীনতার শুভেচ্ছাও জানিয়েছেন।
সাকিব লেখেন, 'বাংলাদেশের স্বাধীনতা দিবস, যা প্রতি বছর ২৬ মার্চ উদযাপিত হয়।
১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ঘোষণার স্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ দিন। এটি জাতির ইতিহাসে এক অনন্য মাইলফলক, যা স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের সূচনাকে স্মরণ করায়। এ উপলক্ষে দেশজুড়ে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে দেশের সার্বভৌমত্ব অর্জনে আত্মত্যাগকারী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।'
সাকিবের সতীর্থ মাশরাফিও একটি ছবি শেয়ার করেছেন। যে ছবিতে ২৬শে মার্চের গুরুত্ব এবং দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়েছে।