ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
রাজারবাগ পুলিশ লাইন্সকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল এবং এখান থেকেই স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। তিনি উল্লেখ করেন, তৎকালীন মেজর জিয়াউর রহমান এই গণহত্যার খবর পেয়েই চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বিশ্বের সমর্থন কামনা করেন।
একেই তিনি বাংলাদেশের স্বাধীনতার 'প্রকৃত ইতিহাস' বলে অভিহিত করেন। শহিদদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা।
মন্ত্রী আরও জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিনিও সেখানে শ্রদ্ধা জানান। পরে জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রাজারবাগে আসেন।
দীর্ঘদিন পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পুনরায় চালু হওয়াকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, শহিদদের স্বপ্ন অনুযায়ী দেশে গণতান্ত্রিক চর্চা আরও জোরদার হবে।
পুলিশ সংস্কার নিয়ে তিনি বলেন, বাহিনীকে আধুনিক ও দক্ষ করতে উন্নত দেশগুলোর সঙ্গে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে সুইজারল্যান্ড-এর সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।