স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬ ০৯:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
পটুয়াখালীর বাউফল উপজেলায় লোহালিয়া নদীতে লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বামনিকাঠী পয়েন্টে লোহালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– রাঙ্গাবালী উপজেলার বাসিন্দা রেজাউল করিম (২৮) ও নাছির ফকির (৪২)। তারা পেশায় শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালীর কয়েকজন তরমুজ চাষি একটি ট্রলারে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দেন। ভোর ৪টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ বামনিকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
দুর্ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল করিম ও নাছির ফকির বের হতে না পারায় পানিতে ডুবে মারা যান।
তবে ট্রলারে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে কয়েক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় লঞ্চ চালক ট্রলারটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে।