স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুন, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের ছাপ রেখে দিলেন হাসান মাহমুদ। কেন্টের জার্সিতে অভিষেক ম্যাচে ল্যাঙ্কাশায়ারের ব্যাটারদের নাকাল করে দুই ইনিংসে শিকার করেছেন ৯ উইকেট।
তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে ১৪০ রানের বড় জয় পেয়েছে কেন্ট।
ম্যাচের শুরুটা অবশ্য কেন্টের জন্য খুব সুখকর ছিল না।
প্রথম ইনিংসে দলটি গুটিয়ে যায় মাত্র ১৭৮ রানে। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন হাসান।
১১ নম্বরে নেমে ৮ বলে করেন ৬ রান, মেরেছেন একটি চারও।
এরপরই শুরু হয় তার আসল কাজ।
ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শুরু থেকেই ধারালো বোলিংয়ে আঘাত হানেন বাংলাদেশের এই পেসার। কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম উইকেট হিসেবে ফেরান অস্ট্রেলিয়ার মার্কাস হ্যারিসকে। এরপর লিয়াম লিভিংস্টোন ও জোসেফ মুরসের উইকেটও তুলে নেন। হাসানের ৩ উইকেটের ধাক্কায় মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে যায় ল্যাঙ্কাশায়ার।
প্রথম ইনিংসে ৯১ রানের লিড নেওয়া কেন্ট দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয়। ফলে জয়ের জন্য ল্যাঙ্কাশায়ারের সামনে দাঁড়ায় ৪২৪ রানের বিশাল লক্ষ্য।
কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আবার হাসানের গতির কাছে পরাস্ত হন ল্যাঙ্কাশায়ারের ব্যাটাররা।
দ্বিতীয় ইনিংসে যেন আরও বিধ্বংসী রূপে হাজির হন তিনি। ১৬ ওভারে ৪ মেডেনসহ ৬৯ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। একের পর এক ব্যাটারকে ফিরিয়ে ল্যাঙ্কাশায়ারের সম্ভাব্য প্রতিরোধ ভেঙে দেন তিনি। তার আগুনঝরা স্পেলের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ১৪০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কেন্ট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে কেন্টের জয়ে বড় অবদান তার। এটি তার ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং। কাউন্টি ক্রিকেটে এর চেয়ে স্মরণীয় অভিষেক হয়তো খুব কম বোলারই কল্পনা করতে পারেন।