ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটি।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটিই বিএনপির মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আজকের স্থায়ী কমিটির যে বৈঠক, সেটা আসলে মনোনয়ন বোর্ডের বৈঠক। আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড।
’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ওই আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়েছে।
আগামী ২৯ অক্টোবর এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, এ নির্বাচনে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। এরই অংশ হিসেবে আজ মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সাক্ষাৎকার গ্রহণ করেছি মনোনয়ন বোর্ডে, যেখানে সভাপতিত্ব করেছেন দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান।’
প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর।